News71.com
 Bangladesh
 02 Apr 16, 04:18 AM
 726           
 0
 02 Apr 16, 04:18 AM

জামায়াত ‘সন্ত্রাসী' সংগঠন এতদিনে বুঝতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী.........

জামায়াত ‘সন্ত্রাসী' সংগঠন এতদিনে বুঝতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী.........

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী যে একটা ‘সন্ত্রাসী’ সংগঠন, এটা তাদেরকে (যুক্তরাষ্ট্র) বোঝাতে এক সময় বেগ পেতে হতো। দেরিতে হলেও সেই রিয়েলাইজেশনটা তারা করছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ।

ইউরোপীয় পার্লামেন্টে জামায়াতকে ব্যান্ড করার বিষয়ে দুইবার রেজুলেশন হয়েছে । রেজুলেশন তারা স্বপ্রণোদিত হয়ে করেছে । এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছি’ যোগ করেন প্রতিমন্ত্রী । বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার-বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. সারা সিওয়াল এবং অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যালান বার্সিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সাক্ষাৎ করেন । সাক্ষাৎ শেষে বিকেলে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী ।

শাহরিয়ার আলম বলেন, ‘যেসব রাজনৈতিক দল জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাই এই বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাদের (যুক্তরাষ্ট্র) যেন মনে না হয় রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে আমরা বাধা দিচ্ছি। জঙ্গি-সন্ত্রাসবাদ দমন এবং এসব নিয়ে যে রাজনৈতিক দল কাজ করে তাদেরকে আলাদা করা খুব কঠিন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই দুই জায়গার মাঝখানে স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণ যেন ব্যাহত না হয়, সে বিষয়েও আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি ।

এ সময় স্থানীয় সরকার নির্বাচনের সকল পর্যায়ে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোও অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন শাহরিয়ার আলম। তিনি বলেন, আমরা আরও জানিয়েছি সন্ত্রাসবাদ দমনে শুধু যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নয়। এর পাশাপাশি কেউ যাতে এ পথে (সন্ত্রাসবাদে) যুক্ত না হন, সেই বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে ।

রাজনৈতিক কার্যক্রমের স্বাধীনতা না থাকলে জঙ্গিবাদের উত্থান হয় কি না, এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা দেখেছি এক সময় রাজনৈতিক সরকারের ছত্র-ছায়ায় জঙ্গিবাদকে উৎসাহিত করা হয়েছে। আমার নিজের নির্বাচনী এলাকাতেও (আওয়ামী লীগ সরকারের আগে) এমনটা হয়েছে। তাই যারা রাজনৈতিক স্পেসের নামে এসব বিষয় উত্থাপন করেন তারা ঠিক বলেন না । বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার ও শক্তিশালী উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘চলমান প্রক্রিয়ার অধীনে ইতোমধ্যে ৪র্থ পার্টনারশিপ ডায়ালগ, ৪র্থ নিরাপত্তা ডায়ালগ ও ৪র্থ মিলিটারি টু মিলিটারি ডায়ালগ এবং দ্বিতীয় টিকফা ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে ।

ড. সারা সিওয়াল বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং এবং প্রশিক্ষণের মাধ্যমে ইমামদের সাহায্যে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগসমূহ খুবই চমৎকার বলে উল্লেখ করেন । এ বছরের ১৫ জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত কাউন্টারিং ভায়োলেন্ট এক্সিট্রিমিজম বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্ল্যান অব অ্যাকশন টু ভায়োলেন্ট এক্সট্রিমিজম উপস্থাপন করেন ।

নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার কথা উল্লেখ করে সারা সিওয়াল উক্ত প্ল্যান অব অ্যাকশন বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতার আহ্বান জানান ।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু জাতিসংঘের সকল কার্যক্রমেই বাংলাদেশের সমর্থন থাকে এ ক্ষেত্রেও তার ব্যাতয় হবে না ।

অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যালান বার্সিন বিমানবন্দরের নিরাপত্তায় গৃহীত ত্বরিত পদক্ষেপের কথা উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন। আরও বলেন, এসব কাজ সম্পন্ন করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে, বাংলাদেশ এই বিষয়টি গুরুত্ব দিয়ে গ্রহণ করেছে, যা সন্তোষজনক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন