
নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরম ভরাডুবি হওয়ায় লজ্জার হাত থেকে বাঁচতেই বিএনপি এখন সরে দাঁড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ইউপি নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের চরম ভরাডুবি হয়েছে। তাই লজ্জার হাত থেকে বাঁচতে তারা এখন নির্বাচন থেকে সরার চিন্তা করছে। আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জনের ইঙ্গিতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, কেউ যদি ব্যর্থ হয়ে নির্বাচন বর্জন করতে চায় তাহলে তো অন্য কারও কিছু বলার থাকে না। তবে বিএনপিকে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসতে হলে এ ব্যর্থতা মেনে নিতে হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এখানে প্রতিটি জনগণ ও রাজনৈতিক দলের অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণের ও বর্জনের। সে হিসেবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে পারে যে কেউই। আওয়ামী লীগের এই নেতা বলেন, উন্নয়নের কারণে বর্তমানে জনগণ আমাদের প্রতি আস্থাশীল। যুক্তরাষ্ট্রের একটি জরিপেও দেখা গেছে যে, ৭৩ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের সুশাসনের প্রতি আস্থাশীল। ভোটে তো তার প্রতিফলন ঘটবে- এটাই স্বাভাবিক।
ইউপি নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের মানুষের একটা মারাত্মক প্রবণতা আছে। সেটা হলো বিদেশি কোনো মানুষ দেখলেই আমরা মনে করি সে সাক্ষাৎ সৃষ্টিকর্তা । আমাদের দেশের ছোটখাটো অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে জিজ্ঞেস করার কোনো যৌক্তিকতা আছে? বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন। ওই সব দেশের কেউ কি তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের রাষ্ট্রদূতকে প্রশ্ন করে? আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের কোন সাংবাদিক কি প্রভাবশালী কোন রাষ্ট্রের রাষ্ট্রদূতকে তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রশ্ন করে? আমার জানা মতে, কেউ এটা করে না। কিন্তু আমাদের মধ্যে এ প্রবণতাটা বেশি, কোনো কিছু হলেই আমরা বিদেশি রাষ্ট্রদূতদের কাছে দৌড়ে চলে যাই। কেন? এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যৌথসভা হয়। ওই সভা শেষে হানিফ সাংবাদিকদের কাছে ১৭ই এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচি ঘোষণা উল্লেখ করে বলেন, ভোর ছয়টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া মুজিবনগরে ভোর ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগরের আম্রকাননে শেখ হাসিনা মঞ্চে সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।