
নিউজ ডেস্কঃ হাইকোর্টের সামনে বসানো মূর্তি আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ না করলে হাইকোর্ট ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। ধর্মভিত্তিক মুসলিম দলগুলোকে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এমন ঘোষণা দেয় সংগঠনটি। আওয়ামী ওলামা লীগের অভিযোগ, হাইকোর্টের সামনে মূর্তিটি বসিয়েছেন প্রধান বিচারপতি।
সংগঠনটির সভাপতি মুহাম্মদ আখতার হুসাইন বুখারি বলেন, মূর্তি যেই বসাক না কেন, এর দায়ভার পুরোটাই সরকারের ওপর বর্তায়। এটি অপসারণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই মূর্তি অপসারণ না করলে হাইকোর্ট ঘেরাও করা হবে। বক্তারা বলেন, এটা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। মূর্তি অপসারণ করতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে। মুহাম্মদ আখতার হুসাইন বুখারী বলেন, আসন্ন পহেলা বৈশাখে সারাদেশে সরকারিভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তার এ সিদ্ধান্ত মুসলমানদেরকে হিন্দুদের উত্সব পালনে বাধ্য করার শামিল। অবিলম্বে এটা বাতিল করতে হবে। কারণ ‘পহেলা বৈশাখ’ এবং ‘মঙ্গল শোভাযাত্রা’ বাঙালি বা মুসলমানদের সংস্কৃতি নয় বরং হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি। এ সময় আরো উপস্থিত ছিলেন, ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।