News71.com
 Bangladesh
 04 Mar 17, 09:53 PM
 253           
 0
 04 Mar 17, 09:53 PM

চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক......

চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক......

 

নিউজ ডেস্কঃ চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে ৩ ফটো সাংবাদিকসহ অর্ধ-শতাধিক আহত হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা এক লাখ টাকার দাবি করে একটি ফাস্টফুড দোকান ভাংচুর করেন। পরে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এ সময় ৩টি দোকানে অগ্নিসংযোগসহ বেশ কিছু দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালের সামনের প্রধান সড়কে অবরোধ ও সংঘর্ষ চলাকালে বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টায় এ সময় পর্যন্ত রংপুর কুড়িগ্রামের সঙ্গে ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এতে করে রাস্তার উভয় পার্শে শত শত যান বাহন আটকা পড়ে। যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে। ব্যবসায়ী ও এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের প্রবেশের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা চালাতে থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আটকা পড়ে। তারা বের হতে পারছিল না। তারা চরম আতংকের মধ্যে রয়েছে এবং নিরাপত্তাহীনতায়  ভুগছে। অপরদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আহতদের মধ্যে ১৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান শিশিরের নেতৃত্বে ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকার লিফা ফাস্টফুড এন্ড কনফেকশনারিতে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দোকান মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানে ভাংচুর চালায়। এতে করে প্রায় ৫-৭ লাখ টাকার মালামাল ক্ষতি ও ক্যাশ থেকে নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে দিয়েছিল। এ ঘটনার জের ধরে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কের মোড় এলাকায় চলছিল ব্যবসায়ী-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ।

লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারির মালিক মাজেদুল ইসলাম লাবলু জানান, সকালে ১৫-২০ জন যুবক এসে নিজেদের ছাত্রলীগ নেতা-কর্মী পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তাদের পাঠিয়েছেন বলে জানান। টাকা দিতে রাজি না হওয়ায় যুবকরা দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে চলে যান। দোকানের দুটি ফ্রিজ ও বিভিন্ন মালামাল ভাংচুর করে। এতে প্রায় ৫-৭ লাখ টাকার মালপত্রের ক্ষতি হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থগিত হওয়া ছাত্রলীগ কমিটির সভাপতি মেহেদী হাসান শিশির তার উপর আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে চাঁদার জন্য পাঠাইনি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নূর-উন-নবী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোতয়ালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন