News71.com
 Bangladesh
 05 Mar 17, 12:18 AM
 282           
 0
 05 Mar 17, 12:18 AM

পাট দিবস উপলক্ষে দেশে প্রথম বারের মত হাতিরঝিলে নৌকা র‌্যালি অনুষ্ঠিত

পাট দিবস উপলক্ষে দেশে প্রথম বারের মত হাতিরঝিলে নৌকা র‌্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নৌকা র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার (৪ মার্চ) রাজধানীর হাতিরঝিলে নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পাটের বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। বিকালে নৌকা র‌্যালি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, রাজধানীসহ দেশের সব ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে পাটচাষীসহ সংশ্লিষ্টদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোকসজ্জার প্রস্তুতি চলছে। বিদেশেও বাংলাদেশ মিশনে পাটপণ্যের প্রদর্শনী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাট দিবস ঘিরে ৮ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে পাট দিবসের গুরুত্ব এবং পাট-সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টিতে সারাদেশে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা হয়েছে। এছাড়া ৯-১১ মার্চ পাটপণ্যের মেলা আয়োজন করা হবে। পাটজাত পণ্যের উদ্যোক্তারা এ পর্যন্ত ১শ’ ৩৫ রকমের বহুমুখী পাটপণ্য তৈরি করেছেন। যা পাটজাত পণ্যের মেলায় প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের ব্যবস্থা থাকবে। মেলা সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

এসময় প্রতিটি নৌকায় গ্রামের মতো পাট দিয়ে নৌকা বোঝাই ছিল। আর আগামীকাল রবিবার (৫ মার্চ) সংসদ ভবনের সামনে পাটের তৈরি ক্যানভাসে চিত্রাঙ্কন হবে। চারুকলার ২ শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কনে অংশ নেবে। পরে তাদের পুরস্কৃত করা হবে এবং ৬ মার্চ সংসদ ভবনের সামনে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন