
নিউজ ডেস্কঃ রামপাল প্রকল্প বন্ধে ২০ এপ্রিল খুলনায় মহাসমাবেশের ডাক দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিএমএ অডিটোরিয়ামে দিনব্যাপী উপকূলীয় জেলাগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২০ এপ্রিল খুলনায় উপকূলীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানান। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। সভাপতিত্ব করেন জাতীয় কমিটির খুলনা জেলা আহ্বায়ক ডা. মনোজ দাশ।পরিচালনা করেন সদস্য সচিব মোস্তফা খালিদ খসরু।
বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ইউসিএলবি কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান, বাসদ কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনিরুল হক বাচ্চু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, দেওয়ান আবদুর রশিদ নিলু, যশোর জেলা নেতা আহসানুল হক, বাগেরহাট জেলা নেতা ফররুখ হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা নেতা নিত্যানন্দ সরকার, কিশোর রায়, হালিম, অশোক সরকার, বিপ্লব কান্তি মন্ডল, আনিসুর রহমান মিঠু, চিত্ত গোলদার, বেলা’র সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল প্রমুখ।
সভায় আনু মুহাম্মদ বলেন, এই সর্বনাশা প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন সুন্দরবনের মধ্য দিয়ে ১২-১৩ হাজার টন কয়লার জাহাজ যাতায়াত করবে। এই প্রকল্পে প্রতিবছর অন্তত ৪৭ লাখ টন কয়লা পোড়ানো হবে। এর ফলে পানি, বায়ু, মাটি ও কৃষি জমি ভয়াবহ দূষণের শিকার হবে। মৎসজীবী ও বনজীবীসহ এ অঞ্চলের ৩৫ লক্ষাধিক মানুষ তাদের বর্তমান জীবিকা হারাবে। উদ্বাস্তু হবে অসংখ্য মানুষ। প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ কোটি মানুষের জীবন ও সম্পদ অরক্ষিত হয়ে পড়বে। অরক্ষিত হবে বাংলাদেশ। ঋণ আর বেশি দামের বোঝা জনগণের কাঁধেই চাপবে।