News71.com
 Bangladesh
 05 Mar 17, 01:11 PM
 229           
 0
 05 Mar 17, 01:11 PM

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইবুনাল ।। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইবুনাল ।। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

 

নিউজ ডেস্কঃ এ বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের সিদ্ধান্ত উল্লেখ করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, কর ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইবুনাল গঠনের আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে। আজ সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমাক্রেসি আয়োজিত কর ব্যবস্থাপনা বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

কর কর্মকর্তদেরকে স্বদেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে কর আহরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার প্রতি গুরুত্বারোপ করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর কর্মকর্তাদের কর্মদক্ষতার ভিত্তিতে লাল, হলুদ ও সবুজ এ ৩ শ্রেণীতে চিহ্নিত করা হচ্ছে। এ ছাড়া আয়করের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে কর আদায়ে নজরদারি আরো বাড়ানো হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে রাজস্ব ব্যবস্থাপনা জনবান্ধব করার লক্ষ্যে আইনী সংস্কার ও করের বোঝা না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ ও করদাতাদের প্রণোদনা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার রাজস্ব আহরণকে উন্নয়নের অক্সিজেন হিসেবে মনে করছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজস্ব আহরণের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো হচ্ছে। সবাই মিলে কর প্রদানকে উৎসাহিত করার মাধ্যমে দেশকে আরো বেশি স্বনির্ভর করা সম্ভব। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মানুষের মধ্যে যে করভীতি রয়েছে সে ভীতি দূর করার জন্য কিভাবে কর ব্যবস্থাপনাকে আরো সহজ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর নিরূপন ও কর আদায় প্রক্রিয়া সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে কর গ্রহণকারী কর্তৃপক্ষকে কর প্রদানকারির সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাহলেই কর আদায়ের পরিধি বাড়ানো সহজ হবে। অসৎ কর কর্মকর্তাদের দ্বারা যাতে কোনো সম্মানিত করদাতা হয়রানির স্বীকার না হয় সেদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় বিশেষ দৃষ্টি রাখবেন বলে অনুরোধ করেন জনাব কিরণ।

একইসাথে তিনি আরো বলেন, কর ফাঁকি দেওয়ার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় সরকারি দল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয় হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ ও শিরীনা বিথী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন