
নিউজ ডেস্ক : গাজীপুরে একটি মসলার দোকান ও ৫ টি ঝুট গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (০৫ মার্চ) ভোরে টঙ্গীর মিলগেট এলাকার ৫ টি ঝুট গোডাউনে ও শনিবার (০৪ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে জয়দেবপুর বাজার এলাকায় একটি মসলার দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোরশেদুল ইসলাম জানান, রোববার ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিলগেট নামাবাজার এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে দ্রুত পাশের গুদামগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে। আগুনে বাবুল মিয়া, মো. কামরুজ্জামান, মো. মুহিন, কামরুল ইসলাম ও লিটন মিয়ার ৫ টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমান জানা যায়নি।
অপরদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, শনিবার দিবগত রাত ১ টার দিকে জয়দেবপুর বাজার মুক্তমঞ্চের পাশে শাহিন মিয়ার মসলার দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানে থাকা মসলা ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মশার কয়েল কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।