
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে নৌ বাহিনীর সদস্যরা। এসময় অপহৃত ১০ জেলে ও তাদের ব্যবহৃত মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘দুর্জয়’ এ অভিযান পরিচালনা করে।
আটক ছয় ডাকাত হলো- মো. আবু মুসা (৩৫), মো. শাহরিয়ার (২৬), মো. ফজল করিম (২৫), মো. মিজানুর রহমান (২৭), মো. জসিম উদ্দিন (২২) ও মো. আক্তার হোসেন (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার বাসিন্দা। আজ শনিবার রাতে নৌ বাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে মাছ ধরার সময় এফভি মালেকশাহ-১ ট্রলারটিতে ডাকাতদলের ৬ সদস্য স্পীড বোটের মাধ্যমে উঠে যায়। এসময় জেলেদের জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। অন্যথায় প্রাণনাশের হুমকি দেয়।
এসময় বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে টহলরত বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ২টি চাপাতি উদ্ধার করা হয়।