News71.com
 Bangladesh
 05 Mar 17, 01:49 PM
 250           
 0
 05 Mar 17, 01:49 PM

জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে ছিনতাইর ছক ফাঁস।। 

জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে ছিনতাইর ছক ফাঁস।। 

 

নিউজ ডেস্কঃ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ সাহেদুল আলম বিপুলকে ছিনিয়ে নেওয়ার ছক কষা হয়। কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার এ ছক কষে মুফতি হান্নানের সহযোগীরা। এরই ধারাবাহিকতায় কাশিমপুর কারাগার রেকি করা হয়। তাদের এ পরিকল্পনায় যুক্ত হয় আরেক নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের একটি গ্রুপ। তবে শেষ পর্যন্ত এটি গোপন থাকেনি। ফাঁস হয়ে চলে আসে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের কাছে। এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সংস্থাটি ৩ জঙ্গিকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে।

গত ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে ৩  জঙ্গি বহনকারী পুলিশের প্রিজনভ্যানে হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। পরে ১ পুলিশ সদস্যকে হত্যা করে সালেহীন ওরফে সালাউদ্দিন, বোমা মিজান ও  হাফেজ মাহমুদ ওরফে রাকিব নামের ৩ জঙ্গিকে ছিনিয়ে নেয়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় রাকিব। আর বোমা মিজান ও সালেহীন পালিয়ে যায় প্রতিবেশী দেশ ভারতে। পুলিশ সূত্রগুলো বলছে, ঠিক একই কায়দায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি মুফতি হান্নান ও বিপুলকে ছিনতাইয়ের ছক কষা হয়। এরই অংশ হিসেবে কারাগারের বাইরে থাকা জঙ্গিরা মুফতি হান্নানের সঙ্গে গোপনে যোগাযোগ করে। এরপর ছিনতাইয়ের ছক সাজায়।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি ও ২ নের যাবজ্জীবন কারাদ- হয়েছে। ইতোমধ্যে উচ্চ আদালত এ মামলায় আসামিদের মৃত্যুদন্ডাদেশ অনুমোদন করেছেন। যে কোনো দিন মুফতি হান্নানসহ  ৩ জঙ্গির ফাঁসি কার্যকর হতে পারে। এ অবস্থার মধ্যেই মুফতি হান্নান ও বিপুলকে ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। বিপুল হুজিবির সিলেট অঞ্চলের প্রধান। আনোয়ার চৌধুরীসহ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলা চালাতে বিপুল মুফতি হান্নানের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে পুলিশের তদন্তকারী সূত্রে জানা গেছে।

মুফতি হান্নানকে ছিনতাই পরিকল্পনার সঙ্গে যুক্ত অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর ও শাহজাহানপুর এলাকা থেকে ৩ জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সদস্যরা। তারা হলো আবু বক্কর সিদ্দিক মাহমুদ ওরফে আল হাদি (২২), জাভেদ হোসাইন (১৯) ও সালেহ আহমদ (৪৯)। গত ১ মার্চ শাহজাহানপুর থানা এলাকা থেকে সালেহকে এবং ২২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থেকে মাহমুদ ও জাভেদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ জঙ্গি ছিনতাইয়ের ছক সম্পর্কে জানা যায়। ইতোমধ্যে তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও শাহজাহানপুর থানায় পৃথক ২ মামলা করেছে পুলিশ। ওই মামলায় জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন