
নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর একটি বস্তিতে এক গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার হয়েছে। তবে ধর্ষিতার নাম ও পরিচয় গোপন রাখার দাবি জানানো হয়েছে। আজ রবিবার (৫ মার্চ) সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার রাত ১১ টার দিকে গণধর্ষণের ওই ঘটনা ঘটে।
ধর্ষিতার খালাত বোন জানায়, বেশ কয়েক দিন আগে থেকে একই এলাকার জুনায়েদসহ কয়েক যুবক তাকে উত্যক্ত করত। এ ঘটনায় গত দুই দিন আগে সে বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করে। থানায় অভিযোগ করার কথা জানতে পেরে জুনায়েদ ভীষন ক্ষেপে যায় । পরে গতকাল শনিবার দিনগত রাতে জুনায়েদ তার সহযোগী সোহাগ, রাকিব ও নায়েব আলী বনানীর বস্তিতে তার নিজের ঘরে মুখে ওড়না পেচিয়ে গণধর্ষণ করে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, মেয়েটি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।