News71.com
 Bangladesh
 02 Apr 16, 10:37 AM
 632           
 0
 02 Apr 16, 10:37 AM

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত ।।

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত ।।

নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মমতাজ উদ্দিন ভুঁইয়া (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় অটোরিকশায় থাকা সেলিনা বেগম (৪০) ও তার ছেলে অনিক মিজি (১৭) গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদী আউয়াল মাস্টারের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মমতাজ উদ্দিন জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার লাড়ুয়া গ্রামের বাসিন্দা। তিনি রামপুর বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। আহত মমতাজ বেগম ও অনিক মিজি সদর উপজেলার তরপুরচন্ডী গ্রামের বাবুল মিজি স্ত্রী ও ছেলে ।

প্রত্যক্ষদর্শী রহমান গাজী ও ইলিয়াছ হোসেন বলেন, অটোবাইকটি চাঁদপুর শহর থেকে বাগাদী এলাকার দিকে যাচ্ছিল একই সময় বিপরীত দিক থেকে সিএনজিচালিত অটোরিকশাটি আসছিলো। ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগামী সিএনজিটি অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তার পাশে সিটকে পড়ে যায়। এ সময় মমতাজ উদ্দিনের মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তক্ষরণ হতে থাকে ।

পরে স্থানীয় লোকজন তাকে এবং অপর আহত ২জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৮টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে। নিহত মমতাজ উদ্দিন ভুঁইয়া মুক্তিযোদ্ধা বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্যাহ তপাদার ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় কবলিত অটোবাইক ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ২ বাহনের চালক ঘটনার পরপর পালিয়েছে। নিহতদের মরদেহ এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন