
নিউজ ডেস্ক : বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নূরুল হক কে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রবিবার (৫ মার্চ) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ- অধিশাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, ‘চেয়ারম্যান একেএম নূরুল হকের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাৎ সংক্রান্ত ছয়টি অভিযোগের মধ্যে তিনটির সত্যতা প্রমাণিত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান একেএম নূরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক ড. ম. বশিরুল আলম বলেন, চেয়ারম্যান একেএম নূরুল হকের বিরুদ্ধে উত্থাপিত ছয়টি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তবে বরখাস্তের চিঠি এখনও তার কাছে এসে পৌঁছায়নি। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে জানবেন বলে জানান।