
নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি উপজেলায় ১টি করে স্কুল ও কলেজকে সরকারি করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার হাটহাজারীতে চট্টগ্রাম ভেটেরনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানায় তিনি ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই সেসব উপজেলার ব্যাপারে আমরা মোটামুটি একটা নীতি গ্রহণ করেছি- যা এখনো চূড়ান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত নির্দেশ ও অর্থ বরাদ্দ পেলেই আমরা প্রতিটি উপজেলায় ১টি করে স্কুল ও কলেজ সরকারি করার উদ্যোগ নেব ।
গবেষণার মাধ্যমে নতুন নতুন পশুরোগ ও কৃষির সমস্যার সমাধান বের করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিদের বক্তব্যের আগে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ হাটহাজারীতে ২টি কলেজ ও একটি স্কুল সরকারি করার অনুরোধ জানায়। তবে জবাবে একটিকে সরকারি করার কথাই বলেন তিনি ।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের পর যেসব দেশ আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলত, সেসব দেশ এখন বাংলাদেশকে উন্নয়নের মডেল মনে করছে। স্বাধীনতার পর গত ৪৫ বছরে দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়লেও আমাদের খাদ্য এখন উদ্বৃত্ত থাকছে ।
তবে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে দেশের পশুখাদ্য ও কৃষি খাতে উৎপাদন কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন। সভাপতির বক্তব্যে সিভাসু উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেন নতুন এই ক্যাম্পাসে খামার, পুকুর ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হবে, যা দেশের কৃষিখাতের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে ।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও সিএফসি গ্যাস নিঃসরণে পুরো পৃথিবী যে ঝুঁকি মোকাবেলা করছে আমাদের উপর তার কেমন প্রভাব পড়বে তা নির্ধারণেও এখানে গবেষণা হবে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবময় দেওয়ান।
৬৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে হাটহাজারী সদরে ১০ একর জমির উপর সম্প্রসারিত এই ক্যাম্পাস মূলত মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণার কাজে ব্যবহার করা হবে। এদিকে বিকালে বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে বার্ষিক বিজ্ঞান সম্মেলন শুরু হচ্ছে ।
২ দিনব্যাপী বিজ্ঞান সম্মেলনের মূল প্রতিপাদ্য খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও ব্লু ইকোনমি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। সম্মেলনে ৪টি কারিগরি সেশনে ১টি মূল প্রবন্ধ ও ২৭ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে ।
তামিলনাড়ু ভেটেরনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস টিলাগার ও সিভাসুর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।