
নিউজ ডেস্কঃ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সম্প্রতি খালেদা জিয়ার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত।
এছাড়া বিকেলে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা অনুষ্ঠান বন্ধ করে দেয়ার নিন্দা ও প্রতিবাদও জানায় তিনি ।
তিনি বলেন, সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা সভা করতে দেয়নি। পুলিশ সেখানে বাধা দিয়েছে। এর মাধ্যমে তারা আবারও দেখালো তাদের স্বৈরাচারী আচরণ অব্যাহত। বিএনপির এ সিনিয়র যুগ্ম-মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার এখন আর কাউকে কথা বলতে দিচ্ছে না। তাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বললেই এভাবে সভা ভণ্ডুল করে দেওয়া হচ্ছে ।