
নিউজ ডেস্ক : মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন বাস চলাচল বন্ধে ডিএসসিসির উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দ্বিতীয় দিনে ৭ টি গাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ১২ ড্রাইভারকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আজ সোমবার (০৬ মার্চ ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিনব্যাপী ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
এদিন সকালে নগরীর ভিক্টোরিয়া পার্ক, নিউমার্কেট এবং মতিঝিলের নটরডেম কলেজের বিপরীত দিকে অনুষ্ঠিত মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ চালককে ১৫-২০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া ৭ টি বাস ডাম্পিং করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ৬১ টি মামলা দায়ের হয়। এছাড়া ৩৭ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা, বিআরটিএ ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার ও ডিএসসিসি ম্যাজিস্ট্রেট মামুন সর্দার এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তান আউটার স্টেডিয়াম সংলগ্ন টেম্পু স্ট্যান্ড, খিলগাঁও বাসস্ট্যান্ড ও শাহবাগ মোড়ে তৃতীয় দিনের অভিযান চলবে বলে জানিয়েছে ডিএসসিসি।