
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মহান মু্ক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নান্দনিক, জীবন ঘনিষ্ঠ ও সমাজ সচেতন চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬’ উপলক্ষে এক বাণীতে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন । চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম। চলচ্চিত্রের নান্দনিকতা, শিল্পবোধ, জীবন ও সমাজ ঘনিষ্ঠতা দর্শক হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে। সচেতনতা সৃষ্টি এবং উন্নত সমাজ গঠনে চলচ্চিত্রের গুরুত্ব অপরিসীম ।
রাষ্ট্রপতি বলেন, চলচ্চিত্রের গুরুত্ব উপলব্ধি করে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩রা এপ্রিল শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদে ‘চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল-১৯৫৭’ উত্থাপন করেন। ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এফডিসি। সময়ের সাথে শিল্পী ও কলাকুশলীদের কর্মচাঞ্চল্যে এফডিসি হয়ে উঠে বাংলা চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র্র । এফডিসি প্রতিষ্ঠার ঐতিহাসিক দিন তথা ৩রা এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণার মহতী উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ।