
নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন সেগুন বাগানস্থ তা’লিমুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সে কাঁথা মোড়ানো অবস্থায় ইসমাম হায়দার (৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।নিহত ইসমামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। দুই বছর আগে এ মাদ্রাসায় ভর্তি হয় সে। শিশুটি দুই পারা কোরআন মুখস্থ করেছিল।
এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা জানিয়েছে, রাতে বিছানায় কাঁথা মোড়ানোবস্থায় ইসমামের মৃত্যু হয়েছে। তাকে নির্যাতন করে কাঁথা মুড়িয়ে রাখা হয় বলে দাবি করে এলাকার লোকজন। এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। অবস্থা বেগতিক দেখে মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায় সকল শিক্ষক-কর্মচারী। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন জানান, শিশুটি কিভাবে মারা গেছে তা আমরা বলতে পারছি না। খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় যায়। তবে লাশ উদ্ধার করা হয়েছে হলিক্রিসেন্ট হাসপাতাল থেকে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।