News71.com
 Bangladesh
 08 Mar 17, 06:35 PM
 176           
 0
 08 Mar 17, 06:35 PM

আইসিটি প্রশিক্ষণে ৩০ শতাংশ নারী ।। আইসিটি প্রতিমন্ত্রী পলক

আইসিটি প্রশিক্ষণে ৩০ শতাংশ নারী ।। আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্ক : সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক সকল প্রশিক্ষণে শতকরা ৩০ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৮ মার্চ) রাজধানীতে নারীদের নিয়ে গুগলের এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে আইসিটি বিভাগ। আমাদের সকল প্রশিক্ষণে কমপক্ষে ৩০ শতাংশ নারীরা অংশগ্রহণ করছে। আমাদের অনেক প্রকল্পের মধ্যে ই-শপ কার্যক্রমের উদ্যোক্তদের মধ্যে প্রায় অর্ধেক নারী।’

সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় গুগল উইমেন টেকমেকার্স বাংলাদেশ পর্বের আয়োজনে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেশন ২০১৭’ শীর্ষক সম্মেলন। এতে সারা দেশ থেকে ৩শ’ জন নারী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে গুগলের উইমেন টেকমেকার্সের কার্যক্রমের পরিধি বাড়ছে। আমাদের দেশের মেয়ে উইমেন টেকমেকার্সের লিড রাখসান্দা রুখাম গুগলের সম্মেলনে শীর্ষ বক্তা হিসেবে বাংলাদেশকে গর্বিত করেছে। আইসিটি বিভাগ উইমেন টেকমেকার্সের সকল উদ্যোগে পাশে থাকতে আগ্রহী। বর্তমানে নারীদের ক্ষমতায়নের সবচেয়ে বড় হাতিয়ার হল তথ্যপ্রযুক্তি। আমরা চাই তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীরা যেন তাদের সক্ষমতা প্রমাণের সুযোগ পায়।’

সম্মেলনের উদ্বোধনী পর্বের পর সম্মেলনে অংশগ্রহণকারী রুম্মান মোশারিফার হাতে ল্যাপটপ তুলে দিয়ে ‘ উইমেন টেকমেকার্সের সদস্যদের জন্য ল্যাপটপ’ কর্মসূচির ঘোষণা দেন প্রতিমন্ত্রী। টেকমেকার্সের সম্পৃক্ত মেয়েদের জন্য ১ হাজার ল্যাপটপ দেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিস সহ-সভাপতি ফারহানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিভাগের প্রধান লাফিফা জামাল ও গুগল ডেভেলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নিজামী।

সম্মেলনে বর্তমান প্রযুক্তি এবং স্টার্টআপ সম্পর্কে নারীদের অংশগ্রহণ বিষয়ক আলোচনা পর্ব পরিচালনা করেন উইমেন টেকমেকার্স বাংলাদেশ পর্বের প্রধান রাখসান্দা রুখাম। পাশাপাশি ওমেন ডেভেলপমেন্ট প্যানেল ডিসকাশন, টেকটক, ক্যারিয়ার প্লানিংয়ের ওপর অধিবেশন অনুষ্ঠিত সম্মেলনে।

গুগল ওমেন টেকমেকার্স বাংলাদেশের কর্মসূচি প্রধান রাখশান্দা রুখাম বলেন, ‘বিশ্বব্যাপী প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে গুগল। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসে গুগল বাংলাদেশে নারী সম্মেলন আয়োজন করেছে।’   

রাখশান্দা জানান, ওমেন টেকমেকার্স বাংলাদেশে নারীদের জন্য হ্যাকাথন, ওয়ার্কশপ, টেকটকসহ ৪০ টিরও বেশি ইভেন্ট আয়োজন করেছে। এ বছর দেশব্যাপী ২০টি বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন