News71.com
 Bangladesh
 08 Mar 17, 09:26 PM
 189           
 0
 08 Mar 17, 09:26 PM

মহেশখালীতে লবণ মাঠ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ।। নিহত ১, আহত ১০

মহেশখালীতে লবণ মাঠ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ।। নিহত ১, আহত ১০

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জয়নাল আবেদীন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার ( ৮ মার্চ) কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জয়নাল মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকার আব্দুল মালেকের ছেলে। আহতদের চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ  জানান, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকায় একটি লবণ মাঠের মালিকানা নিয়ে স্থানীয় মো. তৌহিদ ও জয়নালের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার (৮ মার্চ) বিকেল ৩ টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া ও মহেশখালীর বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে আহত জয়নাল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ছাবের বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদীনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন