
নিউজ ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও রাজশাহী ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটির (ওয়াসা) বিরুদ্ধে ঢাকনাহীন ড্রেনের কারণে মামলা দায়ের করেছেন একজন বিচারক। রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম বুধবার (৮ মার্চ) নিজের আদালতেই এ ফৌজদারি মামলা দায়ের করেন।মামলায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকে বিবাদী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ঢাকনা ভেঙে পড়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন রাস্তার ফুটপাতগুলো পায়ে হেঁটে চলার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বেশ কিছু ড্রেনে ঢাকনা নেই আবার কিছু ঢাকনা ভাঙা অবস্থায় আছে। বাদীর আশঙ্কা, এসব স্থানে যেকোনো সময় পথচারী বা শিশুরা পড়ে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার শিকার হতে পারে। এর দায় কোনোভাবেই বিবাদীরা এড়াতে পারেন না।
তাই বিবাদিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২০ মার্চ তাদেরকে স্বশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের এই অনুলিপি ১৫ মার্চের মধ্যে বিবাদীদের ওপর জারি করে প্রতিবেদন দাখিলের জন্য নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।