
নিউজ ডেস্ক : ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত আনসার সদস্যের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে বাংলাদেশের প্রতিনিধি দলের কাছে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। তবে সুমন নামে পুলিশের এক সোর্স এখোনো নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশি প্রতিনিধি দলের মধ্যে রয়েছে ৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা মেজর আশ্রাফ, ফেনী সহকারী পুলিশ সুপার ঔক্য সিং, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম।
ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ভারত ৮৬ ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শ্রী সুরেন দাস, লেফটেন্যান্ট কর্নেল নরেশ মনোহর, কোম্পানি কমান্ডার সত্যপাল।
এর আগে বুধবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনগত রাত ৯ টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকেও কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ীরা।