
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের চিলমারীতে এক মেম্বার প্রার্থী হেরে যাওয়ায় বিজয়ী মেম্বার প্রার্থীর দুই ভাইকে আটকিয়ে রেখে নির্যাতন করা হয়েছে। এসময় তার সমর্থকদের ওপর হামলা অন্তত ১০জন আহত হয়েছেন। পালিয়ে প্রাণে বাঁচলেন বিজয়ী ইউপি সদস্য। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ।
জানাগেছে উপজেলা সদর থানাহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী মো. মশিউর রহমানের সমর্থকরা শনিবার বিকালে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি গ্রামে গ্রামে ঘুরে নামাচর মাচাবান্দা এলাকায় এলে, পূর্ব থেকে ওৎ পেতে থাকা হেরে যাওয়া মেম্বার প্রার্থী মোছা. সুফিয়া বেগম মন্টুর সমর্থকরা মিছিলের উপর হামলা চালায়। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং প্রায় ১০ জন আহত হয়।
পরবর্তীতে হেরে যাওয়া মেম্বার প্রার্থীর সমর্থকরা তাদের আবারও ধাওয়া করে সেই সময় বিজয়ী মেম্বার পালিয়ে গেলেও হামলাকারীরা তার দুই ভাই সাইদুর রহমান (আর্মি) ও সাইফুর রহমান আঙ্গুরকে আটক করে নির্যাতন চালায়।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা স্বীকার করে বিজয়ী মেম্বার মশিউর রহমান বলেন, কোন কারণ ছাড়াই এলাকার পরিবেশ ঘোলা করতে তারা এই হামলা চালায় ।