
নিউজ ডেস্কঃ সিম নিবন্ধনের জন্য সংগৃহীত আঙুলের ছাপের অপব্যবহার করলে মোবাইল ফোন অপারেটরদের ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে । আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে । বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে সচিব বলেন, এই ছাপ সংরক্ষণ করা হয় না। এটি অপব্যবহারের সুযোগও নেই। এর পরও যদি কোনো নাগরিক আঙুলের ছাপ দিয়ে ক্ষতিগ্রস্ত হন, তাহলে যে অপারেটর এই আঙুলের ছাপ সংগ্রহ করেছিল, তাদের বিরুদ্ধে ওই নাগরিকের বিষয়ে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে। আজকের বৈঠকে এমন সিদ্ধান্তই নিয়েছে মন্ত্রিসভা ।
আঙুলের ছাপ নিয়ে সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি হচ্ছে বলে মন্ত্রিসভা মনে করে। মন্ত্রিসভা আজ এ বিষয়টি নিয়ে জনগণকে আশ্বস্ত করার জন্য এসব সিদ্ধান্ত নেয় ।
আঙুলের ছাপ অপব্যবহারে অপারেটরদেরকে ৩০০ কোটি টাকা জরিমানা হবে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোন আইনের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে এবং কীভাবে তা আদায় করা হবে-তা জানতে চাইলে মোহাম্মদ শফিউল আলম বলেন, নাগরিক অধিকার সুরক্ষা এবং অপারেটরদের যে লাইসেন্স দেওয়া হয়েছে, সেখানে এই কথা বলা আছে ।