
নিউজ ডেস্কঃ বাঁশখালীর গণ্ডমারায় কয়লাবিদ্যুৎ কেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন পুলিশসহ সাতজন আহত হয়েছেন। আজ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। উত্তেজিত গ্রামবাসী ১৪৪ ধারা ভেঙে পুলিশের ওপর বিক্ষিপ্তভাবে ইটপাটকেল ছুড়লে পুলিশ অ্যাকশনে যায়। এ সময় গ্রামবাসী ও পুলিশের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ।
চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, গ্রামবাসী পুলিশকে ঘিরে ফেলার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিব বলেন, এস আলমের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপ একই জায়গায় সমাবেশ আহ্বান করে। এর পরিপ্রেক্ষিতে ওই জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করে। এক পর্যায়ে ১৪৪ ধারা অমান্য করে একটি পক্ষ সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে । এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য ও দুই জন স্থানীয় লোক আহত হয়েছেন ।