
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাশকতার মামলায় আগামীকাল বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিন আদালতে হাজির হয়ে তিনি এ মামলায় জামিন আবেদন করবেন । খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি ৫ই এপ্রিল আত্মসমর্পণ করবেন। ওই দিন প্রথমে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাবেন। সেখানে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করবেন। পরে সমন জারি হওয়া অন্যান্য মামলায় হাজিরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ।
উল্লেখ্য গত ৩০শে মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসনসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত। একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামিরা গ্রেফতার হয়েছেন কিনা, তা পুলিশকে ২৭শে এপ্রিল জানাতে বলেছেন আদালত। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে ।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা এমএ কাইয়ুম, লতিফ, বাদল, সালাউদ্দিন আহম্মেদ, নবীউল্লাহ নবী। এছাড়া মামলার চার্জশিটভুক্ত ৩৮ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৬জন জামিনে এবং ৪জন কারাগারে রয়েছেন।
২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক বশির উদ্দিন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক অভিযোগপত্র দেয়া হয়। এতে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়। এ মামলায় ৮১ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগপত্রে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে ১ নম্বরে রাখা হয়। ওই বছরের ২৩শে জানুয়ারি সরকারবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ই ফেব্রুয়ারি নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যায়। ঘটনার পরদিন ২৪শে জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ২টি মামলা করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
২ টি মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে ১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। মামলায় পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়। প্রসঙ্গত এ ২ মামলা ছাড়াও গুলশান থানার নাশকতার ১টি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় রাষ্ট্রদ্রোহের ১টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের সমন রয়েছে। এসব মামলায়ও তিনি হাজির হতে পারেন ।