
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার সরকার আমলে বাংলাদেশে জঙ্গি উত্থান ঘটেছিল। কিন্তু শেখ হাসিনার সরকার কঠোর হাতে এই অপশক্তিকে দমন করেছেন। এখন এদের নিশানা মুছে দেবার প্রচেষ্টা চলছে এবং তা অবশ্যই সফল হবে । তিনি বলেন, জঙ্গীবাদ দমন করে আলোকিত বাংলাদেশ গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে গনতন্ত্র ফিরিয়ে দিয়েছেন ।
আজ সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন ।
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের লি কুয়ানের মতই শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় রাখতে হবে। কারণ শেখ হাসিনাই পারেন দেশকে অন্ধকারমুক্ত করে উন্নত দেশের তালিকায় দেশকে পৌঁছে দিতে । এর আগে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার পোতাজিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে চিকিৎসকদের প্রতি হুশিয়ারি উচ্চারন করে বলেন, স্বাধীনতার পর প্রথম বর্তমান সরকারের আমলে প্রায় ৭ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এই চিকিৎসদের দেশের যে প্রান্তেই বদলি করা হোক না কেন সেখানেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসকদের দায়িত্ব অবহেলা ও শহরে থাকার মানসিকতা বরদাস্ত করা হবে না ।
সমাবেশ দুটিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহাজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন এমপি, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মুহিত, সিভিল সার্জন শহীদ মো. সাদিকুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান প্রমূখ ।