
নিউজ ডেস্কঃ দেশে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বার্ন ইনস্টিটিউট। একাডেমিক সুযোগ-সুবিধার পাশাপাশি এখানে প্রতিদিন গড়ে ৫০০ দগ্ধ রোগী একসাথে চিকিৎসা সুবিধা পাবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে অত্যাধুনিক এ ইনস্টিটিউটটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫'শত ২২ কোটি ৩৯ লাখ টাকা। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াতের টানা সহিংস আন্দোলনে পেট্রোল বোমা হামলায় প্রতিদিনেই গড়ে তিন থেকে চারজন দগ্ধ মানুষ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হতো। কখনও কখনও এ সংখ্যা ১০ 'ও ছাড়িয়ে যেত ।
এছাড়া ইউনিটের এক পরিসংখ্যানে দেখা গেছে, বছরে সারাদেশে গড়ে ৬ লাখ মানুষ নানাভাবে অগ্নিদগ্ধ হয়। কিন্তু বিশাল এই সংখ্যক রোগীদের চিকিৎসা ব্যবস্থা খুবই সামান্য । আর এ কারণেই রাজধানী চাঙ্খারপুলে নির্মাণ করা হচ্ছে আধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। গত বছরের ২৪শে নভেম্বর একনেকের সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয় । দেশে ১৮টি মেডিকেলের মধ্যে ৯টিতে বার্ন ইউনিট থাকলেও রয়েছে চিকিৎসক স্বল্পতা। মেডিকেলের এসব ইউনিট পরিচালনার জন্য ১৫০০ জন চিকিৎসক প্রয়োজন হলেও বর্তমানে এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আছে মাত্র ৫৬ জন ।
ইনস্টিটিউটটি নির্মাণ হলে এখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির একাডেমিক কার্যক্রম শুরু করা যাবে। এতে করে বছরে ১০- ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হবে দেশে । ১৭ তলা বিশিষ্ট এ ইন্সটিটিউট নির্মাণের কাজ আগামী ২০১৮ সালে শেষ হওয়ার কথা রয়েছে ।