
নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে চট্টগ্রামের ‘বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম’ নামের একটি সংগঠন। বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে গত সোমবার বাঁশখালীর গণ্ডামারায় ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই হরতাল আহ্বান করে সংগঠনটি।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই কর্মসূচি আহ্বান করা হয়। ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী এই হরতালের ঘোষণা দেন। মানববন্ধন কর্মসূচিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাঁশখালী নাগরিক ঐক্য পরিষদসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে অংশ নেয়। মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও জাহিদ বিন রশীদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও সঞ্জয় চক্রবর্তী, নাগরিক ঐক্য পরিষদের পক্ষে আজিজুল হক প্রমুখ।
ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী জানিয়েছেন , নিরীহ জনগণের ওপর যারা গুলি চালিয়েছে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত করারও দাবি জানাচ্ছি।