
নিউজ ডেস্কঃ পাবনার সুজানগর উপজেলার ৪০ বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে কেন গেজেট প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট । বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল জারি করেন। আগামি ৪ সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক সহ রিটের সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে ।
আদালতে মুক্তিযোদ্ধাদের করা রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস । আবেদন সূত্রে জানা যায় ২০১৪ সালের ১৭ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার ৭০ জন সাময়িক সনদপ্রাপ্ত এবং ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে গেজেটভুক্তির জন্য জামুকায় সুপারিশ করে চিঠি দেয় স্থানীয় জেলা যাচাই-বাছাই কমিটি। কিন্তু এর মধ্যে ১৬ জন মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে সম্প্রতি ৪০ মুক্তিযোদ্ধা হাইকোর্টে ১টি রিট আবেদন দায়ের করেন। আজ মঙ্গলবার ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন ।