
পবিত্র কুমার ।। প্রতিবছর বাংলাদেশে প্রায় ৪৩ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে মারা যাচ্ছে। দেশের আর্সেনিক সমস্যা গত ২০ বছর আগে যে অবস্থায় ছিল, এখনো সেই একই অবস্থায় রয়েছে। মূলত রাজনৈতিক কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবী করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ ।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ আজ বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘স্বজনপ্রীতি এবং অবহেলা: বাংলাদেশের গ্রামাঞ্চলের খাবার পানিতে আর্সেনিক প্রতিরোধে ব্যর্থ প্রচেষ্টা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ বর্তমানে এই দুরারোগ্য আর্সেনিক ঝুঁকির ভেতর রয়েছে। প্রতিবছর ৪৩ হাজার মানুষ শুধুমাত্র আর্সেনিকজনিত রোগের মারা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের ৬৫ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে ভুগছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, আর্সেনিক আক্রান্তের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
সংবাদ সন্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা বলেন, নিরাপদ বা আর্সেনিকমুক্ত পানির জন্য সরকারের পাশাপাশি দেশী বিদেশী সাহায্য সংস্থা'র অর্থায়নে গভীর নলকূপ দেওয়া হয়। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই নলকূপ পাওয়ার ক্ষেত্রে বা বসানোর ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করে। সাংসদ বা উপজেলার পরিষদের চেয়ারম্যানরা এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।
তবে রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়, কার্যত আক্রান্ত ব্যক্তিদের কোনো চিকিৎসাই আপাতত হচ্ছে না বাংলাদেশে । সুতরাং, চিকিৎসার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের বিষয়টি এখানে অবান্তর।