
নিউজ ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারনে বিপাকে পড়েছেন যশোরের শিক্ষকরা। সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও তারা এমপিওভুক্তির জন্য আবেদনই করতে পারছেন না। গত ১২ দিন ধরে এ মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) এর সার্ভার সমস্যা চলছে। আর এমপিওভুক্তির সময় আছে মাত্র ৪ দিন অর্থাৎ আগামী ১০ই এপ্রিল পর্যন্ত। এ কারণে প্রতিদিনই ভুক্তভোগী শিক্ষকরা জেলা শিক্ষা অফিসে ধরনা দিচ্ছেন। কোনো সুরাহা না হওয়ায় তারা হতাশায় ভুগছেন ।
কয়েকজন ভুক্তভোগী শিক্ষক সাংবাদিকদের জানিয়েছেন তারা নিয়মমাফিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার পেশায় যোগ দিয়ে এমপিওভুক্তির আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। কারও কারও এ অপেক্ষার পালা বছর- এমন কি তারও বেশি পার হয়ে গেছে। এখন এমপিওভুক্তির আবেদন করতে গিয়ে তারা পড়েছেন আর ১ বিড়ম্বনায়। এমপিওভুক্তির আবেদন করতে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সার্ভার সমস্যার কারণে কেউ ওই আবেদন করতে পারছেন না ।
শিক্ষকরা বলেন এ আবেদন করার সময় আগে ১২টি ডকুমেন্ট সংযুক্ত করতে হতো। পরে ২৭টি ডকুমেন্ট সংযুক্ত করার নিয়ম করা হয়। এ নিয়মটি করার ২-১দিনের মধ্যে আরও ২টি ডকুমেন্ট বাড়িয়ে ২৯টি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকরা সব ডকুমেন্ট ইন্টারনেটের মাধ্যমে পাঠাতে গেলেও সার্ভার সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না। শিক্ষকরা এ বিয়য় নিয়ে খুলনা ডিডিপিআই অফিসে যোগাযোগ করলে তাদের জানানো হয় সার্ভারে কাজ হচ্ছে। চেষ্টা করতে থাকেন সব ঠিক হয়ে যাবে। গত ২৫শে মার্চ থেকে এ অবস্থা চললেও সার্ভার সমস্যার সমাধান হচ্ছে না ।
ভুক্তভোগী শিক্ষকরা অনেকেই অভিযোগ করেছে অনৈতিক ফায়দা লোটার জন্য এ টেকনিক্যাল সমস্যা ইচ্ছাকৃত সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে খুলনা বিভাগের ডিডিপিআই অফিসে যোগাযোগ করলে বিদ্যালয় পরিদর্শক নিভারাণী বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১০ই এপ্রিল সময় বেঁধে দিয়েছেন।এ সময় আর বাড়ানো হবে না। সার্ভারে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। আশা করা যায় ১০ তারিখের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে ।