
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা শাখার পরিদর্শক (আইটি) আবু ছালেহ মাহমুদকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ তাঁকে গ্রেপ্তার করেন। আবু ছালেহ মাহমুদের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে।
গ্রেপ্তারের পর বিকেল চারটার দিকে আবু ছালেহ মাহমুদকে কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুনতাসির মামুনের আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
দুদক কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইটি শাখায় কর্তব্যরত অবস্থায় আবু ছালেহ মাহমুদ সরকারি টাকা, গ্রাহকের টাকা এবং বিভিন্ন ব্যক্তির পুরোনো হিসেবের টাকা উত্তোলন করেন। এ ক্ষেত্রে তিনি বিভিন্ন গ্রাহকের চেক ব্যবহার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে দুদক তদন্ত করে বিষয়টির সত্যতা পায়।