
নিউজ ডেস্কঃ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন খাত থেকে উপার্জিত সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরও তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, পটুয়াখালী অফিসের জেনারেল ম্যানেজার হাফিজ আহমেদ, সহকারি জেনারেল ম্যানেজার(অর্থ) রনজিৎ কুমার দেবনাথ ও হিসাব রক্ষক তারিবুল্লা আকন ।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার পদে সদ্য যোগদানকারী বিধান রঞ্জন বৈশ্য আজ এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড'র মানব সম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক দহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে কর্মকর্তাদের সামায়িকভাবে বরখাস্ত করা হয় ।
এর পূর্বে গত ৩রা এপ্রিল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ৬ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ক্যাশিয়ার (কলাপাড়া উপজেলা জোনাল অফিসে কর্মরত) জায়েদা খানমকে বরখাস্ত করেন সদ্য বরখাস্ত হওয়া জিএম হাফিজ আহমেদ। এ ঘটনায় গত ৪ঠা এপ্রিল জায়েদাকে আসামি করে জিএম হাফিজ আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর পর থেকেই জায়েদা খানম পলাতক রয়েছেন ।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে সদ্য যোগদানকারী জিএম বিধান রঞ্জন বৈশ্য বলেন, সমিতির হিসাবে টাকা জমা না হওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার ঘটনায় এ পর্যন্ত জিএমসহ চারজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চলছে ।
উল্লেখ্য, গত ২রা এপ্রিল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অগ্রনী ব্যাংক পুরান বাজার শাখার এসটিডি-১৫ নম্বর হিসাবে টাকার গড়মিল দেখা দিলে ৬ কোটি ৪৬ লাখ টাকা জমা না হওয়ায় ঘটনা প্রকাশ পায় ।