
নিউজ ডেস্কঃ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ৫ ভাগের ১ ভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে।আজ দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানায় ।
মন্ত্রী বলেন মন্ত্রিসভা কমিটিকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই বৈঠকে শিল্পমন্ত্রী আমু সভাপতিত্ব করেন। এ সময় গভর্নর ফজলে কবিরও উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন তিনি (গভর্নর) আমাদের জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে টাকা চলে গিয়েছে তার ৫ ভাগের ১ভাগ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বাকি অর্থ উদ্ধারের তৎপরতা চলছে। আরও কিছু পরিমাণ উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক যদিও কিছু ক্যাসিনোতে চলে গেছে ।
উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশের গচ্ছিত অর্থের ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ২টি ব্যাংকে পাঠানো হয়। সন্দেহ হওয়ার কারণে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার সঙ্গে সঙ্গে আটকে যায় । অন্যদিকে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের অধিকাংশ ক্যাসিনো হয়ে অন্য দেশে পাচার হয়ে যায়। তবে যারা ওই অর্থ নিয়ে জুয়া খেলেছিলেন তাদের কাছে পাওয়া অর্থের ১টি অংশ ক্যাসিনোর অপারেটর কিম অং ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কর্তৃপক্ষের এএমএলসি কাছে ফেরত দিয়েছেন ।
মুদ্রা পাচারের বিশ্বজুড়ে আলোচিত এই ঘটনা নিয়ে গত কয়েকদিনে ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে বাংলাদেশের কিছু অর্থ উদ্ধারের খবর বের হলেও সরকারের পক্ষ থেকে এই প্রথম অর্থের অঙ্কের ধারণা দেওয়া হলো ।