
নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে। ভারতের মনিপুর।সহ এ অঞ্চলের চাহিদা মোতাবেক উন্নতমানের পণ্য রপ্তানি করতে আগ্রহী বাংলাদেশ । আজ শুক্রবার মনিপুরের মূখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিং এর সাথে তার কার্যালয়ে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন বানিজ্যমন্ত্রী ।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি ফার্নিচার, তৈরী পোশাক, ঔষধ, খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। মনিপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশ উপকৃত হবে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ, ভারত, ভূটান, মিয়ানমার সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু করলে এ অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে। ভারতের নর্থ-ইষ্ট রিজিয়নে বাংলাদেশের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তখন উভয় দেশের মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে অস্ত্র এবং মাদকদ্রব্য ছাড়া সকল পণ্য রপ্তানিতে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করেছে। ভারত সরকারের কিছু ক্ষেত্রে কাউন্পার ভেলিং ডিউটি আরোপের কারণে আশানুরুপ পণ্য রপ্তানি হচ্ছে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, উভয় দেশের মধ্য আলোচনা করে এ ধরনের ডিউটি সমস্যা সমাধান করা সম্ভব হবে। মনিপুর বাংলাদেশের তৈরী উন্নতমানের পণ্য কম খরচে আমদানি করতে পারবে।
এ সময়ে মনিপুরের মূখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মনিপুরে বাংলাদেশের তৈরী পণ্যেও প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশের পণ্য মনিপুরে আসলে মানুষ ভালোমানের পণ্য সুলভমূল্যে পাবে। এজন্য দু‘দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। মনিপুর বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী বলেও জানান তিনি।