
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম জঙ্গল পারুয়া এলাকায় তিনদিন ধরে পড়ে আছে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ। স্থানীয়রা পাশ্ববর্তী পৌরসভার কাউন্সিলরকে জানালে তিনি লাশটি তার এলাকার নয় বলে জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যানও এ বিষয়ে কিছুই জানেন না বলেছেন। রাঙ্গুনিয়া থানাও এ বিষয়ে অবগত নয়। লাশটি কোন জায়গার এ নিয়ে এলাকাবাসীদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন , উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকার গোদুরি ঘোনা নামক স্থানে গত বুধবার সকালে প্রতিদিনের মতো লাকড়ি ও গরু চড়াতে যায় কয়েকজন যুবক। তারা পাহাড়ের ঢালুতে আনুমানিক ৪০ বছর বয়সী সাদা শার্ট ও কালো প্যান্ট পরা লাশ দেখতে পায়। লাশের শরীরের উপর একটি গাছের টুকরা পরে থাকতে দেখতে পেয়ে তারা ভয় পেয়ে চলে এসে স্থানীয় লোকদের জানায়। পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার বলেন, বিষয়টি সে জানে না, এলাকার কেউ তাকে জানায়নি। তিনি বলেন খোঁজখবর নিয়ে দেখছি। পুলিশকেও জানাচ্ছি।