
নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপে ‘গা ছাড়া’ ভাব থাকলেও তৃতীয় দফা থেকে এই নির্বাচনে ‘গা ঝাড়া’ দিয়ে উঠছে বিএনপি । তৃতীয় দফা নির্বাচন থেকে দলটির কেন্দ্রীয় নেতাদের মাঠে সক্রিয় হতে নির্দেশ দিয়ে চিঠি পাঠানো শুরু করেছে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটগ্রহণ করা হবে । এরপর আরও দুটি ধাপে ভোট হবে ।
কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচন সমন্বয়ে যুক্ত সূত্রগুলো জানায়, নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে নামা ও ভোটারদের সংগঠিত করা, সরকারি দলের হুমকি-ধমকির প্রতিবাদ জানাতে দলের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি । পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভাগে কমিটি গঠন করবে দলটি ।
দলটির দায়িত্বশীল নেতারা এখন বলছেন, শুধু থাকা নয়, তৃতীয় ধাপ থেকে বিএনপি ভালোভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছে । কেন্দ্রীয় নেতাদেরও নির্বাচনে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে । এ জন্য নেতাদের একটি চিঠি দেওয়া শুরু হয়েছে । কেন্দ্রীয় সব নেতার পাশাপাশি জেলা নেতাদেরও এই চিঠি দেওয়া হচ্ছে । পাঁচ শতাধিক নেতাকে এই চিঠি দেওয়া হচ্ছে । চিঠিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি চিঠিতে গণসংযোগের মাধ্যমে ভোটারদের সংগঠিত করা, প্রার্থীদের সাহস জোগানো, সরকারি দলের প্রার্থীরা হুমকি-ধমকি দিলে বা ভোট ডাকাতির চেষ্টা করলে সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে প্রতিবাদ জানাতে বলা হয়েছে । প্রয়োজনে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিস্থিতি তুলে ধরার নির্দেশনাও দেওয়া হয়েছে ।
দলের পক্ষ থেকে চিঠিতে ইউপি নির্বাচন সমন্বয়কারী হিসেবে সই করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান । এ বিষয়ে জানতে চাইলে তিনি নিউজ৭১ কে বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারসহ সব ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে কেন্দ্রীয় নেতাদের বলা হয়েছে । এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে কেন্দ্রীয় নেতারা ব্যস্ত থাকায় প্রথম দুই ধাপের নির্বাচনে কেন্দ্রীয় নেতারা সেভাবে সময় দিতে পারেননি । তিনি বলেন, বিএনপি বিভাগ ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ কমিটিও গঠন করবে । এসব টিমের কাজ হবে নির্বাচনের আগে পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা কেন্দ্রকে জানানো । দু-এক দিনের মধ্যে এই কমিটি গঠন করা হবে ।