
নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা পুরাতন বাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
নিহত দুজন হলেন একটি বেসরকারি সংস্থার কর্মী আপেল উদ্দিনের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৫) ও সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে রাইসা সিদ্দিকা। আপেল উদ্দিনের বাড়ি শিবগঞ্জের রানিহাটি এলাকায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজার ভাষ্য, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে আয়েশা ও রাইসার মরদেহ উদ্ধার করে। রাইসার মরদেহ বিছানায় পড়েছিল এবং আয়েশা সিদ্দিকার মরদেহ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়।
ধারণা করা হচ্ছে, মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আয়েশা সিদ্দিকার স্বামী আপেল উদ্দিনকে থানায় নেওয়া হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।