
নিউজ ডেস্কঃ বাঁশখালীতে কাফনের কাপড় পরে উপজেলা ঘেরাও করার নামে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও বাঁশখালীতে আর কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
আজ চট্টগ্রামের বোয়ালখালিতে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করতে এসে দুপুরে সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে এ হুঁসিয়ারির কথা জানান মন্ত্রী। পরে বিকাল ৪টায় ফায়ার স্টেশন চত্বরে আনুষ্ঠানিক ভাবে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের উদ্বোধন করেন তিনি । মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঁশখালীতে কেউ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোন সমস্যা নেই। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোন ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না ।
মন্ত্রী বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে বলেন, বাঁশখালীর এ আন্দোলনের পিছনে কারো ব্যক্তি স্বার্থ রয়েছে কি না বা কাদের প্ররোচনায় এ হত্যাকান্ড হয়েছে তা তদন্ত করে দখা হচ্ছে । সাম্প্রতিক সময়ে ‘দুই ব্লগার হত্যাকান্ডের সাথে কারা জড়িত’ এমন প্রশ্নের জবাবে সরাসরি কোন মন্তব্য করতে রাজি না হয়ে তিনি বলেন, তদন্ত সংস্থার প্রতি সরকারের আস্থা রয়েছে, বিষয়টি তারা তদন্ত করছেন। এ বিষয়ে বেশি কিছু মন্তব্য করা ঠিক হবে না ।
স্থানীয় সাংসদ ও জাসদ নেতা মাঈনুদ্দিন খান বাদলের সরোয়ালীস্থ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এহসানুল হায়দার বাবুল, দক্ষিণ জেলা জাসদ নেতা আব্দুল কাদের সুজন, বোয়ালখালি উপজেলা জাসদ সভাপতি মনসপ আলী, সাধারণ সম্পাদক মনিরুদ্দিন খান, জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার প্রমুখ ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র বলেন, প্রায় ৩ বছর ধরে নির্মাণ কাজ শেষে স্টেশনটি উদ্বোধন করা হলো। যা দেশের নির্মিত আধুনিক ২৫টির স্টেশনের মধ্যে অন্যতম। ৩৩ শতক ভূমি নিয়ে এ স্টেশন ৬তলা ফাউন্ডেশনের আন্ডার গ্রাউন্ডসহ প্রায় ৮হাজার বর্গফুটের ৪ তলা ভবন। আগামী এক মাস জনসচেতনতামূলক বিশেষ মহড়া কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ।