
নিউজ ডেস্কঃ সারাবিশ্বে বাংলাদেশের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার দিয়ে পরিচিতি থাকলেও বনে এই পশুর সংখ্যা কমে যাচ্ছে ব্যাপকহারে। বিগত এক দশকে বিরলজাতের এই বাঘ মারা পড়েছে অন্তত ৬৯টি। প্রাকৃতিক দূর্যোগ, চোরাশিকারিসহ নানা কারণে বাঘ মারা পড়ছে বলে মন্তব্য করছেন বনকর্মকর্তারা ।
সুন্দরবনে অনেক পথ হেটেও বাঘের দেখা মেলা ভার। তবে চলার পথে পায়ের ছাপ দেখে বোঝা যায় এখানে বাঘ আছে। আর বনরক্ষীরাও শুনালেন বাঘ দেখার গল্প । এ বনে কত বাঘ আছে তার নেই সঠিক হিসাব ।
বনবিভাগের পরিসংখ্যান বলছে, দেড় দশক আগে সুন্দরবনের ৩৬ শতাংশ এলাকায় বাঘ ছিল ৪৪০টি। নানা কারণে মারা পড়ায় এখন আছে মোটে ১০৬টি বাঘ। অনেক সময় খাদ্যের অভাবে বাঘ লোকালয়ে ঢুকে পড়লে গ্রামের মানুষ তাড়া করে মারে তাদের। মূল্যবান চামড়া এবং হাড়ের লোভে শিকারিরাই বাঘ মারছে বেশি ।
গবেষকরা বলছেন, যখন-তখন বাঘ হত্যা বন্ধের ব্যবস্থা নেওয়া জরুরি । পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বাঘের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে হবে। এজন্য সময়মত বাঘ শুমারির ওপরও গুরুত্ব দেন তারা। সুন্দরবনের বাঘ আর বাঙ্গালীর অনুভূতি যেন মিলমিশে একাকার। এ কারণে বাঘ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন সকলে ।