
নিউজ ডেস্কঃ বাঘাবাড়ি তেল ডিপোতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ডাকা শ্রমিক ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। এর ফলে আজ সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপু গুলো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ জামালপুর ও টাঙ্গাইলে জালানী তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে। ২১শে মার্চ রংপুরে ২ শ্রমিক খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ট্রাক থেকে লুট হওয়া চাল উদ্ধারের দাবীতে গত শনিবার সকালে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয় ।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শাহজাহান সিরাজ বলেন,গত শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনার পর অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে চালক ও সহকারী খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া চাল উদ্ধার না হলে আগামী শনিবার থেকে আবারও ধর্মঘট শুরু হবে ।
এদিকে যমুনা ওয়েল কোম্পানীর বাঘাবাড়ি ডিপোর ম্যানেজার আব্দুল মজিদ খান ও পদ্মা অয়েল কোম্পানী ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, শ্রমিক ধর্মঘট স্থগিতের পর আজ সকাল ৯টা থেকে বাঘাবাড়ির ৩টি ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলাসহ টাঙ্গাইল ও জামালপুরে সকল প্রকার জ্বালানী সরবরাহ শুরু হয়েছে ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আলম বলেন, সকালে নৌ-বন্দরে উপস্থিত হয়ে তেল সরবরাহ শুরু করা হয়। আশা করছি আগামী ৭দিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে। ইতোমধ্যেই এ বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর জেলা প্রশাসককে পত্র মারফত অবগত করা হবে ।
উল্লেখ্য, ২১শে মার্চ দিনাজপুর থেকে পাবনার নগরবাড়িতে আসার পথে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য শাহজাদপুরের ননদহ গ্রামের চালক কোরাইশ খান এবং চালকের সহকারী নুকালী গ্রামের রমজান সর্দারকে জবাই করে হত্যার পর রংপুরের গলাকাটার মোড়ে ট্রাক ও লাশ ফেলে দূর্বৃত্তরা ট্রাকে থাকা ৭২০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও হত্যাকারীদের গ্রেপ্তার বা লুট হওয়া চাল উদ্ধার করতে পারেনি ।