
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অপরাধ করে তাদেরকেই কারাগারে রাখা হয়। কিন্তু তাদের পরিবর্তনের জন্য প্রয়োজন একটা পরিবেশ। কারাগারে এসে অপরাধীরা যেন নিজেদের সংশোধন করতে পারে। সুস্থ জীবনে ফিরে যেতে পারে। তাই কারাগার বন্দিশালা নয়, হবে অপরাধীদের সংশোধনাগার । আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ।
প্রধানমন্ত্রী আরও বলেন, কারাগারের সঙ্গে ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। বাঙালি জাতির কল্যাণে ও মানুষের পক্ষে কথা বলতে গিয়ে, অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করতে গিয়েই তিনি বারবার কারাগারে গেছেন । জাতির জনক আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর এই স্বাধীনতা আনতে গিয়েই তার বারবার এই কারা নির্যাতন ভোগ করতে হয়েছে তাকে ।
কারা অধিদফতর সূত্র বলেন, ২২৮ বছরের ঐতিহ্য ভেঙে ঢাকার নাজিম উদ্দিন রোড থেকে কেরাণীগঞ্জে স্থানান্তরিত করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারটি। একই সঙ্গে বদলে গেছে কারা স্থাপনার লাল রং। এটি এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম মডেল কারাগার । নবনির্মিত এ কারাগারে এক সঙ্গে প্রায় ৪ হাজার ৫৯০ জন পুরুষ বন্দি রাখা যাবে। পুরুষ কারাগারটির পাশে নতুন একটি নারী কারাগার নির্মাণাধীন রয়েছে। সেটি নির্মাণ শেষ হলে ২৭০ নারী বন্দি থাকতে পারবেন।