
নিউজ ডেস্কঃ ফরিদপুর পৌরসভার দুই পরিচ্ছন্নতা কর্মী হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে ফরিদপুরবাসী । ঘটনার প্রতিবাদে আজ মানববন্ধন, বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হরিজন সম্প্রদায় ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদ । আজ সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শহরের মুজিব সড়কে এই কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, হরিজন ঐক্য পরিষদের সভাপতি রিপন জমাদ্দারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এনজিও কর্মীরা । সমাবেশে বক্তরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ং বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসনের কাছে বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন জনগণ ।
এদিকে এ হত্যায় পুলিশ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয় । ফরিদপুর কোতোয়ালী থানার ওসি নাজিম উদ্দিন আহম্মেদ জানান, পুলিশের দুইটি বিশেষ টিম হত্যার রহস্য উদ্ধারের জন্য তদন্তে কাজ করছে । তিনি বলেন, এই পর্যন্তু আমরা ১০ জনকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । আশা করছি হত্যার সাথে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হব ।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মিয়া পাড়া সড়ক থেকে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী মানিক জমাদ্দার (২৮) ও তার স্ত্রীর ভাই ভরত জমাদ্দার (২৩) এর লাশ উদ্ধার করে পুলিশ ।