
নিউজ ডেস্কঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭২৭টির মধ্যে চেয়ারম্যান পদে ৫৫টিতে বিএনপি প্রার্থী দেয়নি। এদিকে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই ৬টি ইউপিতে। আর ইতোমধ্যে তিন ধাপের নির্বাচনের আওয়ামী লীগের ১১৩ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । আজ নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য দিয়েছেন ।
তিনি বলেন, ৭ই এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মাঠ পর্যায়ে পাঠানো তথ্যমতে, ৭২৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৭২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ৭২৭, বিএনপির ৬৭২, জাতীয় পার্টির ১৭৮টিসহ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া স্বতন্ত্র থেকে ১ হাজার ৯১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ।
এ ধাপের মনোনয়নপত্র বাছাই চলবে সোমবার পর্যন্ত। ইতোমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থীর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত পছন্দ না হলে আপিল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন ।
উল্লেখ্য, আগামী ১৮ই এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। প্রতীক বরাদ্দ হবে ১৯শে এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ই মে । এবার দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে ছয় ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতোমধ্যে দুটি ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩শে এপ্রিল হবে তৃতীয় ধাপের ভোট গ্রহণ