
নিউজ ডেস্কঃ আওয়ামীপন্থি শিক্ষকদের অনুরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, ডিন নির্বাচনের তারিখ ৩০শে এপ্রিল থেকে পিছিয়ে আগামী ১০ই মে পুনঃনির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে ।
এদিকে, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের চাপের মুখে ৩০ এপ্রিল ডিন নির্বাচনের তারিখ ঘোষণা করে অফিসে আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
পরবর্তীতে আওয়ামীপন্থি শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন ‘বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডিন নির্বাচনের তারিখ পেছানোর জন্য চিঠি পাঠায়। এর ফলে ডিন নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আমাদের সবাইকে ডেকেছিলেন। তার অনুরোধে গণতন্ত্রধারা অব্যাহত রাখার জন্য আমরা এ সিদ্ধান্ত মেনে নেই ।