
নিউজ ডেস্কঃ যানজট নিরসনে সরকার গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তা-ভাবনা করছে। পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের বিষয়টি প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের খসড়ায় সংযোজন করা হবে। আইনটি হলে যানজট নিরসনে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়িও নিয়ন্ত্রণে আসবে ।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে পরিবহনখাত সংশ্লিষ্ট সকল স্টেক-হোল্ডারদের নিয়ে দিনব্যাপী জাতীয় কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন ।
তিনি বলেন, আমি সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চাই। পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আইন করে কিছুই হবে না, যদি আমরা যথাযথ আইন মান্য না করি। মন্ত্রীর খবরদারির জন আইন চাই না। জনগণের জন্য আইন চাই ।
কর্মশালায় পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণ করে দেয়ার জন্য সড়ক পরিবহন আইন-২০১৬ এর খসড়ায় অন্তর্ভুক্ত করে প্রস্তাবসমূহ চূড়ান্ত করা হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান নজরুল ইসলাম এর সভাপতিত্ব করেন। এ সময় নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস খান, সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, শ্রমিক নেতা সোহেল তালুকদার, বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বক্তব্য দেন ।
উল্লেখ্য, ২০১১ সালে ‘সড়ক পরিবহন ও ট্রাফিক আইন’ নামে খসড়ায় ২২টি অধ্যায় ও ৩৭২টি ধারা ছিল। ২০১৩ সালে গঠিত কমিটি তা কমিয়ে ১৫ অধ্যায় ও ২৪২টি ধারায় চূড়ান্ত করে। সর্বশেষ খসড়ায় আইনটিকে ১৩টি অধ্যায় ও ৬৩ ধারায় নামিয়ে আনা হয়েছে ।