News71.com
 Bangladesh
 11 Apr 16, 01:17 AM
 672           
 0
 11 Apr 16, 01:17 AM

হত্যার হুমকিতে আতঙ্কিত হাজীগঞ্জের হিন্দুরা ।। লিফলেটের মাধ্যমে হুমকি

হত্যার হুমকিতে আতঙ্কিত হাজীগঞ্জের হিন্দুরা ।। লিফলেটের মাধ্যমে হুমকি

নিউজ ডেস্কঃ হাজীগঞ্জে হিন্দুধর্মাবলম্বীদের হত্যার হুমকিও মামলা তুলে নিতে রাতের আঁধারে বাড়ি বাড়ি লিফলেট ছড়ানো হয়েছে। এ ঘটনায় এলাকার হিন্দুসম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কম্পিউটার কম্পোজ করা লিফলেটটি কে বা কারা ছড়িয়েছে তা জানাতে পারেনি কেউ। তবে ভুক্তভোগী পরিবারগুলো তাদের পূর্বপরিচিত একটি পরিবারের প্রতি সন্দেহ প্রকাশ করছে। লিফলেটটি একেবারে যে হাওয়ায় ভেসে এসেছে তা ঐ পরিবারগুলো মানতে রাজী না। গত শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর ইউনিয়নের সর্বতারা গ্রামের হিন্দু অধ্যুষিত এলাকায়।

লিফলেটে সতর্ক করে দেয়া হয়, লিফলেটে হুমকি পাওয়ার বিষয়টি কাউকে জানালে এর পরিণতি হবে নির্ঘাত মৃত্যু। স্থানীয় হিন্দু পরিবারগুলোর সূত্রে জানা যায়, গত শনিবার ভোর বেলা ঘুম থেকে উঠে দেখেন কারো বাড়ির উঠানে, কারো বসত ঘরের সামনে কিংবা কারো একেবারে ঘরের ভিতর দরজার সামনে ছোট একটি লিফলেট পড়ে আছে। লিফলেটে হত্যা করার হুমকি দেয়ায় তা পড়ে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। লিফলেটের ঘটনাটি জানাজানির পরে দেখা যায়, একই এলাকার দুলাল তালুকদার বাড়ি, দীপক হাওলাদার বাড়ি, ঠাকুর বাড়ি, ডাক্তার বাড়ি, সহদেব ওরফে সিদ্ধার বাড়ি, নিমাই পন্ডিতে বাড়ি, নয়ন বিশ্বানের দোকানের বিভিন্নস্থানে একই ধরনের লিফলেট পাওয়া যায়।

লিফলেটের লেখাটি ছিল - ‘‘দুলাল তালুকদার, কিলটন, বাবুল চক্রবর্তী, সহদেব, দিপক ও নয়ন, নিমাই পন্ডিত, নিবাস তোমাদেরকে অনুরোধ করিতেছি যে তোমরা দয়া করে আমাদের বউমাকে পিরতদেও এবং আমাদের নামে মামলাগুলো উঠিয়ে নেও ভাল হবে। তা নাহলে তোমাদের সকলের লাশ পাওয়া যাবে, মাথা থাকবে একজায়গায়, হাত থাকবে একজায়গায়, বডি থাকবে আরেক জাগায়। এবং এই কথা কাউকে যদি কাউকে জানাও ভাল হবেনা বলে দিলাম, মৃত্যু অবদারিত‘‘।

এই ঘটনায় ভূক্তভোগীদের স্থানীয় স্কুল শিক্ষক দুলাল তালুকদার ওরফে দিজেন্দ্র তালুকদার বলেন, আমার অনার্স পড়ুয়া মেয়েকে অপহরণ করে ঢাকায় নিয়ে আটকে রেখে বিয়ে দেয়া হয়েছে বলে জানায় আমাদের এলাকার আলীর ছেলে আমজাদ হোসেন। এ ঘটনায় আমরা আইনের আশ্রয়ে গেলে আমজাদসহ অন্য আসামিরা জেলে যায়। আর তারই সূত্র ধরে লিফলেট বিতরণ করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো জানান, গত শুক্রবার দিনের বেলা আলীর আরেক ছেলে ইমান হোসেন রামগঞ্জ থেকে এলাকায় এসে অনেকের সাথে বিভিন্ন বাজে কথা বলেছে বলে আমরা শুনেছি এবং অনেক রাত পর্যন্ত তাকে অনেকে রাস্তায় দেখেছে।

লিফলেটের বিষয়ে একইসুরে কথা বললেন বিধান চক্রবর্তী, নয়ন বিশ্বাস, সুমন বিশ্বাস, আরতী রানীসহ অন্যরা। এরা বলেন, সকালে ঘুম থেকে উঠেই লিফলেটটি পাই। আর এতে যা লেখা রয়েছে তা পড়ে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন বলেন, এই লিফলেটে শুধু সর্বতারা গ্রামের হিন্দুরাই আতঙ্কগ্রস্ত না, বলতে গেলে পুরো উপজেলার হিন্দুরাই আতঙ্কগ্রস্ত। পূর্বের ঘটনার মতো এই লিফলেটের গডফাদার কারা তা প্রশাসন বের করে আইনের আওতায় আনবে এটা আমাদের প্রত্যাশা। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আ: রাজ্জাক ঐ এলাকা পরিদর্শন করেছেন ।

লিফলেট পাওয়ার বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এ বিষয়ে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ডায়েরী করা হয়েছে আর বিষয়টি দায়িত্বের সহিত তদন্ত করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন