News71.com
 Bangladesh
 11 Apr 16, 02:34 AM
 639           
 0
 11 Apr 16, 02:34 AM

নারায়নগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ৭০ শতাংশ কাজ হয়েছে ।। রাষ্ট্রপক্ষের আইনজীবী

নারায়নগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ৭০ শতাংশ কাজ হয়েছে ।। রাষ্ট্রপক্ষের আইনজীবী

নিউজ ডেস্কঃ বহুল আলোচিত নারায়নগঞ্জের সাত খুন মামলার ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন। আজ সকালে আদালতে নিজ কার্যালয়ে মামলার অগ্রগতির কথা বলেন । তিনি বলেন, সরকার দ্রুত এ মামলার সুষ্ঠু ও ন্যায়বিচার সম্পন্ন করতে চায় ।

আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষীদের জেরা শুরু হয়েছে। প্রথমেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনকে আসামিপক্ষের আইনজীবী খোকন সাহা জেরা করেন। ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন ১৬৪ ধারায় একাধিক আসামির জবানবন্দি রেকর্ড করেছিলেন। আজ নয়জন সাক্ষীকে জেরা করার কথা রয়েছে। তাঁরা প্রত্যেকে আগেও সাক্ষ্য দিয়েছেন ।

উল্লেখ্য, সাত খুন মামলার দুজন বাদীসহ পাঁচজনের সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়েছে ৪ঠা এপ্রিল। এ মামলায় মোট ১২৭ জন সাক্ষী রয়েছেন । এর আগে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭শে এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহরণ হয়। অপহরণের তিন দিন পর ৩০শে এপ্রিল শীতলক্ষ্যায় ছয়জনের এবং পরদিন আরো একজনের মৃতদেহ ভেসে ওঠে । এ বিষয়ে ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন