
নিউজ ডেস্কঃ দিনাজপুর শহরে নিজের ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে নিঝর রহমান নিঝু (৩৫) নামে আপন চাচাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নিঝর রহমান নিঝু শহরের ২নং উপশহরের বাসিন্দা মৃত মনসুর রহমানের ছেলে। সোমবার দুপুর ১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) গোলাম রব্বানীর ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।
কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম রফিক জানান, শহরের ২নং উপশহরের বাসিন্দা নিঝর রহমান নিঝু (৩৫) তার আপন ভাইয়ের মেয়ে কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী (১৩) কে প্রায় উত্ত্যক্ত করতো। আজ সোমবার সকাল ১০টায় স্কুল যাওয়ার পথে উত্ত্যক্ত করার সময় ছাত্রীর মা পথচারীসহ স্থানীয়দের কাছে অভিযোগ করলে তারা পুলিশে খবর দেয়।
দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিঝর রহমান নিঝু এবং স্কুল ছাত্রী ও তার মাকে নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানীর নিকট হাজির হন। এ ব্যাপারে স্কুল ছাত্রী তার চাচার বিরুদ্ধে জবানবন্দী দিলে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক চাচা নিঝুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামীকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।